বাগেরহাটে আ.লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

বাগেরহাটের কচুয়ায় উপজেলার চেয়ারম্যান এসএম মাহফুজুর রহমানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে উপজেলার চরসোনাকুড় গ্রামের মৃত খালেক শেখের মেয়ে বাদী হয়ে কচুয়া থানায় এ মামলা দায়ের করেন। মঙ্গলবার ভিকটিমের ডাক্তারি পরিক্ষা সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শমসের আলী।
মামলার বিবরণে জানা গেছে, ২০০৫ সালে ৬ জুন বাদীর পরিবারের অসহায়ত্বের সুযোগে তৎকালীন রাড়ীপাড়া ইউপি চেয়ারম্যান মাহফুজুর রহমান কর্মসংস্থানের সুযোগের প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। তখন বাদীর বয়স ছিল ১২ বছর। ওই বছরের ২১ জুন রাতে ভবনের ২য় তলায় তাকে প্রথম জোরপূর্বক ধর্ষণ করে। এরপর ২০১৫ সালের ৭ ডিসেম্বর রাত সাড়ে  ৮টায় বাদী পালিয়ে ঢাকাস্থ তার ভাইয়ের বাসায় আশ্রয় নেয়। মামলার আসামি মাহফুজুরের কাছ থেকে বাঁচতে পালিয়ে যাওয়ার আগ পর্যন্ত ধর্ষণের স্বীকার হন বলে উল্লেখ করা হয়।
এতদিন পর্যন্ত তিনি প্রভাবশালী ওই চেয়ারম্যানের কারণে কোনও মুখ খুলতে সাহস পায়নি বলে বাদী এজাহারে উল্লেখ করেন। বাদী কোথাও আইনের আশ্রয় না পেয়ে অবশেষে খুলনা ভিকটিম সাপোর্ট সেন্টারে আশ্রয় নেয়।

এ বিষয়ে কচুয়া উপজেলার চেয়ারম্যান মাহফুজুর রহমানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ওসি শেখ শমসের আলী বলেন, বাদীর অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার আসামির বাড়িতে পুলিশ অভিযান চালিয়েছে। তাকে আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

/এআর/