যশোরে সাপের কামড়ে ছাত্রের মৃত্যু

যশোরের শার্শায় সাপের কামড়ে ফোরকান হোসেন (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ জুন) রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফোরকান শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের টেংরালি গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে চৌগাছা উপজেলার একটি হাফেজিয়া মাদ্রাসা পড়াশোনা করতো।

ফোরকানের চাচাতো ভাই সোহাগ জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ফোরকান শার্শা উপজেলার কাশিপুর বেলতায় ফুফুর বাড়িতে বেড়াতে গেলে কোনও একসময় সাপে কাটে। বিকাল ৩টার দিকে বাড়িতে ফিরে বাবা-মাকে জানায়। শারীরিক অবস্থার অবনতি হলে রাত ৯টার দিকে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাকে কী সাপে কামড় দিয়েছে, তা নিশ্চিত হতে পারেননি স্বজনরা।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মো. শাকিরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ফোরকানের হাতের আঙুলে সাপে কাটার চিহ্ন আছে। স্বজনরা বলেছেন দুপুরে সাপে কেটেছিল। তখন হাসপাতালে না এনে বাড়িতে রাখায় শরীরে বিষ ছড়িয়ে পড়ায় মৃত্যু হয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম মজুত আছে। ফলে কাউকে সাপে কাটলে ৯০ মিনিটের মধ্যে নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দিচ্ছি আমরা। এতে জীবন রক্ষার সুযোগ থাকে।’