‘দেশের স্বাধীনতা থেকে উন্নয়ন সবকিছুই আ.লীগের হাত ধরে হয়েছে’

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য এস এম কামাল হোসেন বলেছেন, ‘এ দেশের স্বাধিকার থেকে স্বাধীনতা, গণতন্ত্র থেকে উন্নয়ন সবকিছুই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে। আওয়ামী লীগ তথা বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাঙালি জাতি পেয়েছে একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এ দেশের যা কিছু অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। মানুষের ভোট ও ভাতের অধিকার দিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের হাতে যখনই দেশ পরিচালনার ভার এসেছে তখনই দেশ ও দেশের মানুষের উন্নয়ন হয়েছে।’

রবিবার (২৪ জুন) বিকালে খুলনার খালিশপুরে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। খালিশপুর থানা আওয়ামী লীগের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

এস এম কামাল বলেন, ‘এখন পর্যন্ত আওয়ামী লীগের সমকক্ষ বা সমান দাবিদার কোনও রাজনৈতিক দল এই মুহূর্তে বাংলাদেশে নেই। এক কথায় আন্দোলন-সংগ্রাম ও জনকল্যাণে পরীক্ষিত আওয়ামী লীগের বিকল্প কোনও রাজনৈতিক দল এখনও সৃষ্টি হয়নি। দেশ পরিচালনাতেও আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই। এক কথায় বলতে গেলে, আওয়ামী লীগের হাতেই নিরাপদ বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। যতদিন আওয়ামী লীগ সরকারের হাতে থাকবে দেশ, উন্নয়ন আর অগ্রগতিতে এগিয়ে যাবে বাংলাদেশ।’

প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বক্তৃতা করেন- মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নুর ইসলাম বন্দ, মহানগর আওয়ামী লীগের দফতর সম্পাদক মুন্সি মাহবুব আলম সোহাগ, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর আমিনুল ইসলাম মুন্না। সভাপতিত্ব করেন খালিশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সানাউল্লাহ নান্নু প্রমুখ। খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম বাশার অনুষ্ঠান সঞ্চালনা করেন।