বিকালে গিয়েছিলেন ঘাস কাটতে, রাতে মিললো গলাকাটা লাশ

ঝিনাইদহের কালীগঞ্জে আলমগীর হোসেন (২৮) নামে এক কৃষককে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার (০৬ জুলাই) রাত ৯টার দিকে উপজেলার ত্রিলোচনপুর ইউনিয়নের শাহপুর গ্রামের মাঠ থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

তাৎক্ষণিকভাবে কে বা কারা, কী কারণে আলমগীরকে হত্যা করেছে, তা জানা যায়নি। নিহত আলমগীর উপজেরার শাহপুর গ্রামের আনোয়ার হোসেন ওরফে আনুর ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শনিবার বিকালে গ্রামের মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন আলমগীর। রাতে হয়ে যাওয়ার পরও বাড়িতে ফিরছেন না দেখে পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকেন। রাতে মাঠে গিয়ে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন। পরে খবর দিলে লাশ উদ্ধার করে পুলিশ।

প্রতিবেশীদের দাবি, আলমগীর কোনও রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। এমনকি কারও সঙ্গে তার তেমন কোনও বিরোধ ছিল না। 

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আজিফ বলেন, ‌‘কী কারণে তাকে হত্যা করা হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। লাশ উদ্ধারের পর মর্গে পাঠানো হয়েছে।’