সাতক্ষীরায় বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার দায়ে স্বামী রবিউল ইসলামকে (৩২) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১০ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক রাখিবুল ইসলাম এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্ত রবিউল দেবহাটা উপজেলার বেজোর আটি গ্রামের মনোহর গাজীর ছেলে। রায় ঘোষণার সময় কাঠগড়ায় উপস্থিত ছিল।
মামলার নথি থেকে জানা যায়, বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় ২০১২ সালের ৬ নভেম্বর রাতে স্ত্রী ফাতেমা খাতুনকে (২৮) শ্বাসরোধে হত্যা করে রবিউল। পরদিন ফাতেমার বাবা নওয়াপাড়া গ্রামের আনছার আলী বাদী হয়ে দেবহাটা থানায় রবিউল ও তার প্রেমিকা রহিমা খাতুনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। তদন্ত শেষে রবিউলের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের অতিরিক্ত পিপি শেখ আব্দুস সামাদ বলেন, ‘এই মামলায় ১৪ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। আসামিপক্ষে নিহতের দুই সন্তান সাফাই সাক্ষ্য দিয়েছে। রবিউলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার দেন আদালত।’