বাড়ি ফেরার পথে মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার

যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় শামীমা খাতুন (৪০) নামের এক ব্যাংকার নিহত হয়েছেন। তিনি সিটি ব্যাংক‌ ঝিকরগাছা শাখায় কর্মরত ছিলেন।

নিহতের সহকর্মী মেহেদী হাসান স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে অফিস শেষে শামীমা তার আরেক সহকর্মীর মোটরসাইকেলে যশোরে বাড়ির উদ্দেশে রওনা হন। অফিস থেকে সামান্য দূরে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি মোটরভ্যানে তার ব্যাগ বেঁধে গেলে তিনি রাস্তার ওপর পড়ে যান। ওই সময় যশোরগামী একটি ট্রাকের পেছনের চাকা তার মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঝিকরগাছা থানার ওসি কামাল হোসেন ভূঁইয়া বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু সংবাদ পেয়ে নাভারণ হাইওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এসে লাশের দায়িত্ব নেবে।

রাত আটটার দিকে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর জয়ন্ত দাস এ প্রতিনিধিকে বলেন, দুর্ঘটনায় একজনের মৃত্যুর সংবাদ পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি। সেখানে না গিয়ে কিছুই বলতে পারছি না।