স্বেচ্ছাসেবক দলের শোভাযাত্রায় মারামারির ছবি তোলায় ফটোসাংবাদিকের ওপর হামলা

যশোরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রায় মারামারির ছবি তোলায় হামলার শিকার হয়েছেন দৈনিক যুগান্তরের ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ। এ সময় তার ক্যামেরা ভাঙচুর করা হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুর ১২টার দিকে শহরের মণিহার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ফটোসাংবাদিক হাসফিকুর রহমান পরাগ জানিয়েছেন, দুপুর ১২টার দিকে শহরের মণিহার এলাকায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছিল। এ সময় কয়েকজন মারামারি শুরু করেন। তাদের ছবি তুলছিলেন পরাগ। ছবি তোলা দেখে কয়েকজন নেতাকর্মী লাঠিসোঁটা ও হাতুড়ি নিয়ে তেড়ে আসেন। তারা ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করেন। একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করেন। পরে তার হাতে থাকা ক্যামেরা ভাঙচুর করা হয়। বিষয়টি দেখে কয়েকজন সহকর্মী এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। আহত হওয়ার পর প্রাথমিক চিকিৎসা নিয়েছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমীর ফয়সল বলেন, ‘ফটোসাংবাদিক পরাগের ওপর হামলাকারীরা বহিরাগত। তারা মণিহার এলাকায় শাহিন নামে একজনকে মারধর করেছিল। পরাগ ওই ছবি তোলায় হামলা চালিয়েছে। তারপরও আমরা এই ঘটনার নিন্দা জানাই। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের প্রতি অনুরোধ জানাচ্ছি।’

এ ব্যাপারে জানতে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাককে একাধিকবার কল দিলেও রিসিভ করেননি।