মেহেরপুরে সন্ত্রাস দমন আইনে সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলাম, ভাই সরফরাজ হোসেনসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে তিনটি মামলা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে মেহেরপুরের সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মঞ্জুরুল ইমাম মামলাগুলো এজাহার হিসেবে গ্রহণ করে পুলিশকে তদন্তের আদেশ দিয়েছেন।
এর মধ্যে সোমবার ওই আদালতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী হাসনাত জামান বাদী হয়ে একটি মামলা করেন। একই দিন আদালতে একই আইনে আরও দুটি মামলা করেছেন সদর উপজেলার আশরাফপুর গ্রামের বাসিন্দা রেজওয়ানুল ইসলাম ও ইমন হোসেন।
হাসনাতের মামলায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন, স্ত্রী মোনালিসা, ভাই সরফরাজ হোসেন মৃদুলসহ ১৬৬ জন, রেজওয়ানুলের মামলায় ফরহাদ হোসেন, স্ত্রী মোনালিসাসহ আওয়ামী লীগের ৭০ নেতাকর্মী এবং ইমনের মামলায় ফরহাদ হোসেন, তার স্ত্রীসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীকে আসামি করা হয়।
এসব মামলার বিষয় নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মারুফ আহমেদ বিজন বলেন, ‘মেহেরপুর আদালতে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর বিরুদ্ধে তিনটি মামলা করা হয়েছে। মামলাগুলোকে এজাহার হিসেবে নিয়ে তদন্তের নির্দেশ দেন আদালত। থানার একজন পুলিশ তদন্ত কর্মকর্তা মামলাগুলো তদন্ত করবেন।’
হাসনাত তার মামলার এজাহারে উল্লেখ করেছেন, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেন, তার স্ত্রীর নির্দেশে ছাত্র-জনতার ওপর মেহেরপুর কলেজ মোড়ে অস্ত্রধারী সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অনেকে আহত হন।
একই দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন গাংনী উপজেলায় ছাত্র-জনতার শান্তিপূর্ণভাবে কর্মসূচিতে হামলার অভিযোগে দুটি মামলা করা হয়।
মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, ‘আদালতের আদেশের কপি থানায় আসার পর তদন্ত শুরু করবো আমরা। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়া হবে।’