লুটপাটের অভিযোগে বিএনপির ৬ নেতাকর্মীকে শোকজ

লুটপাটের অভিযোগ ওঠায় খুলনা জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলুসহ দলটির ছয় জনকে শোকজ করা হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী যৌথ স্বাক্ষরে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়।

কারণ দর্শানোর নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- কপিলমুনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সন্তোষ সরদার, হরিঢালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরদার তোফাজ্জেল, যুগ্ম-সম্পাদক মাসুম হাজরা, বিএনপি কর্মী মিঠু গাজী ও যুবদল কর্মী রায়হান সরদার। আগামী পাঁচ দিনের মধ্যে জেলা বিএনপির দফতরে লিখিত জবাব পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগে গত ১০ আগস্ট পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম এনামুল হক ও সদস্য কিশোর মন্ডলকে দলের সব পদ-পদবী থেকে সাময়িক বহিষ্কার এবং রূপসার শ্রীফলতলা ইউনিয়ন বিএনপির পাঁচ নেতাকে শোকজ করা হয়েছিল। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।