চেয়ারম্যানকে গুলি করে হত্যা: সাবেক এসপি মঞ্জুরুলসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে হত্যার অভিযোগে সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীরসহ ১৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। 

বুধবার (২১ আগস্ট) দুপুরে নিহত আনারুল ইসলামের ভাই জিয়ারুল ইসলাম বাদী হয়ে সাতক্ষীরা আমলি ১ নম্বর আদালতের বিচারক নয়ন বড়ালের আদালতে এ মামলা করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানাকে এফআইআর হিসেবে গ্রহণের নির্দেশ দেন।

মামলার অপর আসামিরা হলেন সাতক্ষীরার সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইনামুল হক, সদর থানার সাবেক এসআই হেকমত আলী, সাবেক জিপি গাজী লুৎফর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান ও তার ভাই আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, মাহাবুবুর রহমান, মো. হাশেম আলী, তহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সদ্য সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এসএম শওকত হোসেন, সদর উপজেলা আওয়ামী সহসভাপতি গোলাম মোর্শেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু আহমেদ, মোহাম্মদ রবিউল ইসলাম, ইয়াহিয়া গাজী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু। মামলায় অজ্ঞতা আরও চার-পাঁচ জনকে আসামি করা হয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০১৩ সালের ১২ ডিসেম্বর সাবেক চেয়ারম্যান আনারুল ইসলামকে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যান সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবীর, সাবেক সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইনামুল হক, সদর থানার সাবেক এসআই হেকমত আলীসহ অন্যান্য আসামি। পরে কুশাখালী ইউনিয়নের শিকড়ি এলাকার একটি মাঠে নিয়ে ক্রসফায়ারে তাকে হত্যা করেন আসামিরা।

বাদীপক্ষের আইনজীবী আনিসুর রহমান বলেন, ‘আসামিরা দুটি মাইক্রোবাসে করে আনারুল ইসলামকে বাড়ি থেকে তুলে সদর থানায় নিয়ে যান। সেখানে নির্যাতন করে দুই হাত এবং দুটি পা পিটিয়ে ভেঙে ফেলা হয়। পরে চোখ বেঁধে সদর উপজেলার শিকড়ি এলাকার ফাঁকা মাঠে গুলি করে হত্যা করে ফেলে রেখে যান।’