বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ

বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। বন্দর কর্তৃপক্ষের সব কর্মকর্তা-কর্মচারী একদিনের বেতনের সমপরিমান অর্থ অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দিয়েছেন।

রবিবার (২৫ আগস্ট) প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল, সোনালী ব্যাংক করপোরেট শাখায় প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বরে একদিনের বেতন জমা দেওয়া হয়। দেশের বিভিন্ন জেলা বন্যাকবলিত হওয়ায় বন্যায় আক্রান্ত মানুষদের সহযোগিতা এবং চলমান বন্যা মোকাবিলার জন্য এ অর্থ দেওয়া হয়।

মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল শাহীন রহমান বলেন, ‘প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে বন্দরের কর্মকর্তা-কর্মচারীদের একদিনের বেতনের টাকা দিয়েছি। এ ছাড়া আগামী ২৬ আগস্ট বন্যাকবলিত ফেনী জেলার এক হাজার পরিবার এবং খুলনার পাইকগাছায় ২০০ পরিবারের মাঝে ১৯ মেট্রিক টন বিশুদ্ধ পানি, খাদ্যসামগ্রী ও ওষুধ বিতরণ করা হবে।’