ভিসা পেতে ব্যাপক হয়রানির প্রতিবাদে সাতক্ষীরায় ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের সামনে বিক্ষোভ করেছেন কয়েকশ ভিসাপ্রার্থী। কয়েক মাস ঘুরে ভারতীয় ভিসা না পাওয়ায় সোমবার (২৬ আগস্ট) দুপুরে ইটাগাছার ভারতীয় ভিসা আবেদনকেন্দ্রের সামনে বিক্ষোভ করেন তারা। পরে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে, এমন আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
সাতক্ষীরার মুনজিৎপুরের রুস্তম আলী জানান, ভারতীয় ভিসা পাওয়া এখন রীতিমতো ভাগ্যের ব্যাপার। কমপক্ষে ২ মাস পার না করলে আবেদন করা যায় না। আবেদন ফি ৮৭৫ টাকা। আবেদনের পর ভিসাপ্রাপ্তিতে পনেরো দিন সময় বেঁধে দেওয়া হয়। তবে ২-৩ মাস পরেও ভিসা আসে না। পাসপোর্টও ফেরত পাওয়া যায় না। চিকিৎসার জন্য তার ভারতে যাওয়া খুবই দরকার ছিল বলে জানান তিনি।
একই এলাকার আমিনুর রহমান আলম বলেন, ‘তিন মাস আগে থেকে পাসপোর্ট জমা দেওয়া ছিল। এখন সেটা ফেরত দেওয়া হচ্ছে ভিসা ছাড়াই। এ ছাড়া ভিসা না দেওয়ার কারণও জানায়নি তারা। শুধু তাই নয়, পাসপোর্ট জমা দেওয়ার সময় অফিসের কর্মীরা আমাদের সঙ্গে যে রূঢ় আচরণ করে, তা ভাষায় প্রকাশযোগ্য নয়। সামান্য ত্রুটিতে পাসপোর্ট ছুড়ে ফেলে দেয়।’
আশাশুনির শাহাদাত হোসেন বলেন, ‘সাতক্ষীরাসহ দেশের বিভিন্ন ভিসা আবেদনকেন্দ্রে লাখ লাখ আবেদন জমা পড়ে। ই-টোকেনসহ প্রতি আবেদনে এক হাজার ২০০ টাকা খরচ হয়। ভারত কোটি কোটি টাকা আয় করছে, অথচ আমাদের ভিসা দিচ্ছে না। এর জবাব তাদের দিতে হবে।’
আশাশুনির তারকনাথ দাস বলেন, ‘চার মাস ধরে অপেক্ষা করে ভিসা পেলাম না। আমার স্ত্রী খুবই অসুস্থ। তাকে ভারতে নিতে হবে। আমাদের একটাই দাবি, ভিসা চাই।’
নাম প্রকাশ না করার শর্তে ভিসা সেন্টারের এক সুপারভাইজার বলেন, ‘ভিসা দিতে বা না দিতে আমাদের হাত থাকে না। আমরা স্থানীয় মানুষের বিক্ষোভের কথা ঢাকায় জানিয়েছি।’
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ইটাগাছার ভারতীয় ভিসা সেন্টারে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ পাঠানো হয়েছিল। কিছু মানুষকে পাসপোর্ট ফেরত দেওয়া হয়েছে। বাকিদের আশ্বস্ত করা হয়েছে, উদ্ভূত পরিস্থিতি ঢাকায় ভারতীয় হাইকমিশনে জানানো হবে।