ভারতে যাওয়ার সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ গ্রেফতার ৫

ঝিনাইদহ হয়ে ভারতে যাওয়ার সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ পাঁচ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি প্রাইভেটকার থেকে তাদের আটক করা হয়। এর মধ্যে চার জনকে গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে ঝিনাইদহ আদালতে সোপর্দ করা হয়েছে।

তারা হলেন- সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মেহেদী হাসান চৌধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও গাজীপুর মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রিয়াজ মাহমুদ, তার চাচা শ্বশুর গাজীপুরের জয়দেবপুরের মুদি দোকানি সানোয়ার হোসেন এবং মানিকগঞ্জ জেলা যুবলীগের সদস্য সৌমিত্র সরকার। এ ছাড়া প্রাইভেটকারের চালক ধামরাইয়ের রুবেল দেওয়ান (৩৮) পুলিশের হেফাজতে আছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার উদ্দেশ্যে একটি ভাড়া করা প্রাইভেটকারে ঢাকা থেকে রওনা দেন। তারা সীমান্তে অবৈধ পারাপার চক্রের দালাল আকরাম হোসেনের সঙ্গে যোগাযোগ করে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ট্রাফিক পরিদর্শক মশিউর রহমান ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় চেকপোস্ট বসান। ওই চেকপোস্টে একটি প্রাইভেটকার থামিয়ে সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীসহ পাঁচ জনকে আটক করা হয়। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে রাতে মামলার তথ্য নিশ্চিত করে পুলিশ।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন বলেন, ‘সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরীর বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যাসহ দুটি মামলা রয়েছে। অন্যদের বিরুদ্ধেও মামলা আছে। এর মধ্যে গাড়িচালক বাদে চার জনকে ঝিনাইদহ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।’