ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মধ্যে আট জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। জেলাগুলো হলো- ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, পিরোজপুর এবং নড়াইল। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
ওজোপাডিকো সূত্রে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলা এবং ২০টি উপজেলায় নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তবে চলমান ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে এবং বিদ্যুতের খুঁটি ভেঙে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার ওপর সাময়িক প্রভাব পড়েছে। বিভিন্ন এলাকায় ৩৩ কেভি এবং ১১ কেভি লাইনের ওপর গাছ ভেঙে পড়ে এবং প্রতিকূল আবহাওয়ায় উপকেন্দ্রে সাময়িক ত্রুটি পরিলক্ষিত হয়। এর প্রভাবে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, ভোলা, চুয়াডাঙ্গা, পিরোজপুর এবং নড়াইলসহ বেশ কিছু জেলায় সাময়িক সময়ের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা বিঘ্নিত হচ্ছে। ইতোমধ্যে ত্রুটিমুক্ত করে বিদ্যুৎ সেবা সচল রাখার চেষ্টা চলছে। মাঠ পর্যায়ের কর্মীরা কাজ করে যাচ্ছেন।’
ওজোপাডিকোর প্রধান প্রকৌশলী আব্দুল মজিদ বলেন, ‘কোথাও লোডশেডিং নেই। তবে ঝড়বৃষ্টিতে গাছপালা পড়ে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। যেসব স্থানে বিঘ্ন ঘটছে, আমরা স্বাভাবিক করার চেষ্টা করছি।’