পর্নো ভিডিও দেখে শিশুর ওপর যৌন নির্যাতন চালায় তরুণী, এরপর হত্যা

যশোরের বাঘারপাড়ার এক মেয়ে শিশুকে হত্যায় জড়িত তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (২৯ সেপ্টেম্বর) ভোরে বাঘারপাড়া উপজেলার শ্রীরামপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলো শ্রীরামপুর গ্রামের তহিদুর রহমান (৫৫), তার স্ত্রী নিরু বেগম ও তাদের মেয়ে ইশিতা আক্তার ঋতু (১৯)।

রবিবার বিকালে এক ব্রিফিংয়ে পিবিআই যশোরের এসপি রেশমা শারমীন এ তথ্য জানান। তিনি জানান, ওই শিশুকে (সাড়ে ৫ বছর) ২০ জুলাই দুপুরে পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন ভোরে স্থানীয় রাজ্জাক খানের পুকুরে তার লাশ পাওয়া যায়। এ ঘটনায় বাঘারপাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়। তবে পুলিশের সন্দেহ হওয়ায় লাশের ময়নাতদন্ত করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদনে জানা যায়, যৌন নির্যাতনের পর গলা ও নাক-মুখ চেপে হত্যা করা হয় তাকে। এরপর শিশুটির বাবা বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন।

এসপি রেশমা শারমীন আরও জানান, পিবিআই ছায়াতদন্তকালে জানতে পারে, ভুক্তভোগী শিশুটি গ্রেফতারকৃত ঋতুদের বাড়িতে যায়। এরপর তার লাশ পাওয়া যায়। এ তথ্যের ভিত্তিতে আজ ভোরে অভিযান চালিয়ে ঋতুর বাবা-মাকে গ্রেফতার করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতার ঋতু পুলিশকে জানিয়েছে, সে পর্নো ভিডিও দেখে শিশুটির ওপর যৌন নির্যাতন চালায়। শিশুটি কান্নাকাটি শুরু করলে ঘরে থাকা শাবল দিয়ে মাথায় আঘাত করে। পরে গলা টিপে হত্যা করে। ঋতু পরে তার বাবা-মাকে বিষয়টি জানালে রাত আড়াইটার দিকে লাশ পুকুরে ফেলে দেওয়া হয়।