সাতক্ষীরা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে আন্তজেলা ডাকাত দলের সরদারসহ তিন জন গ্রেফতার হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সাতক্ষীরা থানার লাবসা বাইপাস মোড় ও কালিগঞ্জের কৃষ্ণনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কালিগঞ্জের শংকরপুর গ্রামের আব্দুর জব্বার তরফদারের ছেলে ইয়ার আলী (৩২), কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের ছেলে শাহিন আলম মোড়ল (৩২) ও জব্বার শেখের ছেলে মহিববুল্যাহ বাবু (২৮)। সোমবার (৩০ সেপ্টেম্বর) সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশ সুপারের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন।
পুলিশ সুপার বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা থানার লাবসা বাইপাস মোড় থেকে ১৭ মামলার আসামি ইয়ার আলীকে গ্রেফতার করে ডিবি। তার স্বীকারোক্তিতে শাহিন আলম মোড়ল ও মহিববুল্যাহ বাবুকে কালিগঞ্জের কৃষ্ণনগর থেকে গ্রেফতার করা হয়। ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অস্ত্র, দস্যুতা, চুরিসহ বিভিন্ন থানায় ১৭ মামলা আছে। তার বিরুদ্ধে আদালত থেকে জারিকৃত পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সম্প্রতি দেবহাটা থানার জগন্নাতপুর গ্রামের মুক্তিযোদ্ধা সুভাষ চন্দ্র ঘোষের বাড়িতে ডাকাতি, কালিগঞ্জ থানাধীন ইউসুফপুর গ্রামের শাহীনুর রহমান গাজীর বাড়িতে দস্যুতা ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে টাকা ও স্বর্ণালংকার লুট করে দুজনকে আহত করা হয়। এ ঘটনায় ইয়ার আলী জড়িত আছে মর্মে তার সহযোগী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুর রহমান, ডিআইও-১ হাফিজুর রহমান, ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ প্রমুখ।