৫ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চলের রাষ্ট্রায়ত্ত ৭ পাটকলের শ্রমিকরা রাজপথ-রেলপথ অবরোধ কর্মসূচি পালন করছে। সোমবার সকাল ৮টায় শুরু হওয়া এ কর্মসূচি দুপুর ১২টা পর্যন্ত চলবে। অবরোধ চলাকালে মিলের উৎপাদন বন্ধ রয়েছে। পাটকলগুলোর প্রায় অর্ধলাখ শ্রমিক এই অবরোধ কর্মসূচীতে অংশ নিচ্ছে।
পাটখাতে প্রয়োজনীয় অর্থবরাদ্দ, বকেয়া-মজুরি প্রদান, ২০ ভাগ মহার্ঘ ভাতাসহ ৫ দফা দাবিতে ১৫ দিনের কর্মসূচির ডাক দেয় রাষ্ট্রায়ত্ত জুট মিল সিবিএ- নন সিবিএ ঐক্য পরিষদ। এ কর্মসূচির অংশ হিসেবে ১৪৩ম দিনে খুলনার খালিশপুর ও আটরা এবং যশোরের নওয়াপাড়া শিল্প এলাকায় শ্রমিকরা অবরোধ পালন করে।
স্ব স্ব মিলের উৎপাদন বন্ধ রেখে সকাল ৯টায় মিলের মূল ফটকের সামনে সমবেত হয় অবরোধকারীরা। পরে বিক্ষোভ মিছিল করে খুলনা-যশোর মহাসড়ক ও রেললাইনের উপর অবস্থান নিয়ে রাজপথ রেলপথ অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কের সকল যান চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা। অবরোধের ফলে নতুন রাস্থা, আটরা ও নওয়াপাড়া শিল্প এলাকার সড়ক জুড়ে যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা।
কর্মসূচী চলাকালে খুলনার নতুন রাস্তা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। ঐক্য পরিষদের আহ্বায়ক সোহরাব হোসেন, যুগ্ম আহবায়ক কওছার আলী মৃধা, দ্বীন ইসলাম ও খলিলুর রহমান এসময় বক্তৃতা দেন।
/এআর/