খুলনা মেডিক্যাল হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এই হাসপাতালে ১০ জনের মৃত্যু হলো।

মারা যাওয়া শাহনাজ বেগম (৩৫) নগরীর বাসিন্দা। এর আগে গত ২২ অক্টোবর এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছিল। বুধবার (২৩ অক্টোবর) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. সুহাষ রঞ্জন হালদার।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহনাজ নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর এই হাসপাতালে ১০ জনের মৃত্যু হলো।’

ডা. সুহাষ রঞ্জন হালদার বলেন, ‘চলতি বছর খুমেক হাসপাতালে ৫১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। বর্তমানে ৬৮ জন চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় ১১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন।’