জামায়াত নেতা মোবারক হোসেন

‘ট্রাম্পকার্ড’ শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতিতে ফিরতে পারবেন না

‘ট্রাম্পকার্ড’ খেলতে খেলতে কার্ড শেষ হয়ে যাবে কিন্তু শেখ হাসিনা রাজনীতির মাঠে ফিরতে পারবেন না— শনিবার (৯ নভেম্বর) যশোর জেলা জামায়াতের সদস্য সম্মেলন ও নবনির্বাচিত আমিরের শপথগ্রহণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামের যশোর ও কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর পতিত স্বৈরাচারের দোসররা বিভিন্নভাবে পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছিল। যা ছাত্র-জনতা ব্যর্থ করে দিয়েছে। দেশের মানুষ একটি কল্যাণময় ইনসাফভিত্তিক রাষ্ট্র চায়। যা দেওয়ার সক্ষমতা একমাত্র জামায়াত ইসলামের রয়েছে। বিভিন্নভাবে জাতি আমাদের ওপর ভরসা রাখার কথা বলছে। আমরা সে ভরসা রক্ষা করতে না পারলে জাতি আবারও অন্ধকারে নিমজ্জিত হবে।’

জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মাওলানা আজিজুর রহমান, টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, যশোর জেলা পশ্চিম কমিটির আমির মাওলানা হাবিবুর রহমান, পূর্ব কমিটির ভারপ্রাপ্ত আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল আজিজ, শহর সাংগঠনিক জেলার নায়েবে আমির বেলাল হোসেন ও অন্যান্যরা।

অনুষ্ঠানের শেষে ২০২৫-২৬ সালের জন্য নবনির্বাচিত যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুলকে শপথবাক্য পাঠ করান প্রধান অতিথি মোবারক হোসেন।