যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে সাত বাংলাদেশি নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। বুধবার (১৩ নভেম্বর) ভোরে তাদেরকে আটক করা হয়। এ সময় কোনও পাচারকারীকে আটক করতে পারেনি।
ধান্যখোলা ক্যাম্পের সুবেদার আব্দুল গনি বলেন, গোপন সংবাদে জানতে পারি, আজ ভোরে কিছু নারী-পুরুষ ধান্যখোলা বিওপির সীমান্ত সংলগ্ন এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যাবে। এমন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা বিওপির মেইন পিলার ২৬ থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় দেখা যায়, কয়েকজন নারী-পুরুষ বাংলাদেশ সীমান্ত পার হয়ে ভারত সীমান্তের দিকে যাচ্ছে। তখন তাদেরকে আটক করা হয়।
আটক বাংলাদেশি নাগরিকরা হলেন- টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানার মাটাইন গ্রামের মৃত মেঘ সূত্রধরের ছেলে আনন্দ সূত্রধর (৫৩), আনন্দ সূত্রধরের ছেলে প্রসেনজিৎ সূত্রধর (২৮), আনন্দ সূত্রধরের স্ত্রী ভানু রানী (৪৬), প্রসেনজিৎ সূত্রধরের স্ত্রী প্রীতি সূত্রধর (২০), নড়াইল জেলার নড়াইল সদর থানার বড় কলোনি গ্রামের আফসার শেখর ছেলে আব্দুল জব্বার (২৯) ও যশোরের শার্শা থানার বড় কলোনি গ্রামের জাহাঙ্গীর শেখের স্ত্রী রিনা খাতুন (৪৫)।
সুবেদার আব্দুল গনি জানান, জিজ্ঞাসাবাদে তারা জানান, ভালো কাজের আশায় ভারতে যাচ্ছিলেন। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।