ক্যাম্পাসে ধূমপান বন্ধে খুবি উপাচার্য ও বাংলা ট্রিবিউন প্রতিনিধিকে ‘ধন্যবাদ পত্র’

ক্যাম্পাসে আয়োজিত কনসার্টে ধূমপান বন্ধে সক্রিয় ভূমিকা নেওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) উপাচার্য প্রফেসর ড. মো: রেজাউল করিমকে বাংলাদেশ তামাক বিরোধী জোটের পক্ষ থেকে ‘থ্যাঙ্কস লেটার’ (ধন্যবাদ পত্র) দেওয়া হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে উপস্থিত হয়ে তামাক বিরোধী জোটের কর্মকর্তারা এ পত্র দেন।

একইসঙ্গে কনসার্টের মধ্য দিয়ে ধূমপানের আগ্রাসনের সম্ভাব্য তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করায় বাংলা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েৎ হোসেনকেও উপাচার্যের মাধ্যমে ‘থ্যাঙ্কস লেটার’ প্রদান করা হয়েছে।

উপাচার্য বলেন, শুরু থেকেই খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ধূমপান ও তামাক মুক্ত। এখন পর্যন্ত ছাত্র শিক্ষক কর্মকর্তা কর্মচারী সবার সহযোগিতায় এ ধারা অব্যাহত রয়েছে। কনসার্টকে ঘিরে একটা সমস্যা সৃষ্টির দিকে যাচ্ছিল। কিন্তু সবার সহযোগিতায় আমরা সে সম্ভাবনাকে নস্যাৎ করতে সক্ষম হয়েছি। আগামীতে এ ধারা ক্যাম্পাসে চলবে। ধূমপান ও তামাক বিরোধী অবস্থানে সবাই সরব থাকবে।

এ সময় বাংলাদেশ তামাক বিরোধী জোটের কর্মকর্তা ডব্লিউবিবি ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারী মুক্তি, হেড অফ প্রোগ্রাম সৈয়দা অনন্যা রহমান, সিয়ামের নির্বাহী পরিচালক মাছুম বিল্লাহ, সিয়ামের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।