শিবির মেধাবীদের সংগঠন, আন্দোলনে আমরা সবাই সামনে ছিলাম: শিবির সভাপতি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘চব্বিশের আন্দোলনে দুই হাজার শহীদ ও হাজার হাজার ছাত্র-জনতা আহত হওয়ার বিনিময়ে সফলতা এসেছে। এই সফলতার প্রথম শহীদ আবু সাঈদ। তবে আমরা সবাই এই আন্দোলনের সামনে ছিলাম। শিবির মেধাবীদের সংগঠন। ছাত্রশিবির রাজনীতির চর্চা করে না। ছাত্রদের সঙ্গে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চায়।’

বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মঞ্জুরুল ইসলাম বলেন, ‘জাতির সামগ্রিক উন্নতিতে কোনও নেতা কাজ করেননি। এখন নতুনদের এগিয়ে আসতে হবে। আমরা জাহেলিয়াতমুক্ত নতুন প্রজন্ম সৃষ্টি করতে চাই। কারণ নতুন প্রজন্ম সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে জানে।’

কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এইচ এম আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে ইবি শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট ও বায়েটোকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও কুষ্টিয়া জেলার সাবেক আমির অধ্যক্ষ এ কে এম আলী মহসিন উপস্থিত ছিলেন।