সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত বিএনপি নেতার মৃত্যু

খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে আহত এক বিএনপি নেতা মারা গেছেন। বুধবার (৪ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে, গত ২৯ নভেম্বর রাতে হামলায় তিনি আহত হওয়ার পর বেসরকারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

নিহত ওই বিএনপি নেতার নাম আমিন মোল্লা। তিনি ৩০ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য এবং চিংড়ি বণিক সমিতির সাবেক সভাপতি ছিলেন।

খুলনা সদর থানা পুলিশ জানায়, গত ২৯ নভেম্বর রাতে নগরীর টুটপাড়া এলাকায় সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা বিএনপি নেতা আমিন মোল্লাকে কুপিয়ে গুরুতর আহত করে। সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করে। কিছুক্ষণ পর সেখান থেকে তাকে বেসরকারি খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।

এদিকে, এই হামলার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘মৃত্যুর সংবাদ জেনে তার মরদেহ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তার সুরতহাল রিপোর্ট চলছে। তার মাথায় এবং ঘাড়ে দুটি গভীর আঘাতের চিহ্ন রয়েছে। তবে মাথার আঘাতে তার মৃত্যু হয়েছে বলে মনে করছি। মঙ্গলবার রাতে তার ছোট ভাই মো. আব্দুল্লাহ খুলনা থানায় একটি মামলা দায়ের করেন।’

তিনি আরও জানান, মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।