বিএনপির কর্মীসভায় গিয়ে ওসি বললেন ‘আপনারা ঠিকমতো বাড়িতে থাকতে পারেননি’

বিএনপির কর্মীসভার মঞ্চে উঠে দলটির নেতাকর্মীদের উদ্দেশে কুষ্টিয়ার খোকসা থানার ওসি শেখ মঈনুল ইসলাম বলেন, ‘৫ তারিখের গণ-অভ্যুত্থান না হলে আমি এখানে ওসি হতে পারতাম না। এটা আমি সব সময় বলি এবং স্বীকার করি।’

বুধবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির কর্মীসভায় তিনি এ কথা বলেন।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর থেকে রাজনৈতিক দলের মঞ্চে ওসির এমন বক্তব্যকে ‘অপেশাদার’ বলে মন্তব্য করছেন অনেকে।

ভিডিওতে সাবলীলভাবে ওসিকে বক্তব্য দিতে দেখা যায়। বক্তব্যে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘১৫-১৬ বছর কীভাবে, কোথায় ছিলেন, আপনারা আমার চেয়ে ভালো জানেন। কোথায়, কীভাবে কষ্ট করেছেন। আপনারা ঠিকমতো বাড়িতে থাকতে পারেননি। আমি পুলিশ, হয়তো আরেকজন ছিল। আমাকে বাধ্য করেছে। হয়তো আমাকে দেখে আপনারা বলছেন, এ বড় বড় কথা বলে, আসলে না। আমিও ওই রকম নির্যাতিত ছিলাম।’

ভিডিওতে দেখা যায়, ওসি শেখ মঈনুল ইসলাম বিএনপির কর্মীদের আহ্বান জানিয়ে বলেন, ‘অনেক ত্যাগ-তিতিক্ষার পর আপনারা (বিএনপি) এ পর্যন্ত আসতে পেরেছেন। ১৫-১৬ বছর পর আপনারা এক জায়গায় হতে পারছেন, সবার সঙ্গে কথা বলতে পারছেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ করবো, যে সুযোগটা আসছে, সেই সুযোগটা সদ্ব্যবহার করেন। এমন কোনও কাজ কইরেন না যে আপনাদের মধ্য থেকে তৃতীয় পক্ষ কোনও সুযোগ নিতে পারে।’

এরপর ওসিকে বলতে দেখা যায়, ‘এ প্রোগ্রামটা আপনাদেরই। আমি কেন পুলিশ আসবো? তারপরও আমি আসলাম। আমার থানার সামনে, আসতে হবে। মনও চায় আসতে। মনও টান দেয় যে এখানে একটু কথা বলি। আসলে সবসময় তো সব কথা বলা যায় না। আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, কেউ কোনও ঝামেলা করবেন না। আমরা আপনাদের সেবায় এখানে আছি। যতটুকু পারি, আমাদের পক্ষ থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করবো। সব হিংসা-বিদ্বেষ ভুলে যান। আপনাদের মধ্যে যদি হিংসা থাকে, তাহলে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। এই সুযোগ আর দেওয়া যাবে না।’

এই বিষয়ে শুক্রবার রাতে ওসি শেখ মঈনুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বক্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। তিনি বলেন, ‘সেখানে বক্তব্য দেওয়া ঠিক হয়নি। তবে থানার সামনেই সভাটি হচ্ছিল। সেখানে লাঠি-চায়নিজ কুড়াল নিয়ে মারামারি হচ্ছিল। সেটা শান্ত করতেই বক্তব্য দেওয়া হয়। এই মঞ্চে বক্তব্য দেওয়া ঠিক নয়, তা জানি। এ ছাড়া আমার অন্য কোনো উদ্দেশ্যও ছিল না।’

সমাবেশে উপস্থিত ছিলেন এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকাল ১০টার দিকে খোকসা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশেষ কর্মীসভা ছিল। সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ।

কুষ্টিয়া জেলা পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ওসির বক্তব্যের বিষয়টি নজরে এসেছে। তিনি কী বক্তব্য দিয়েছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।