তে-ভাগা আন্দোলনের নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, সাহিত্যিক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। যশোরে তার সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদনের মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সেইসঙ্গে তিন দিনব্যাপী স্মরণ মেলার আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় যশোরের বাঘারপাড়া উপজেলার বাকড়ীতে কমরেড অমল সেনের সমাধিসৌধে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিত বাওয়ালী। এরপর দলের যশোর ও নড়াইল জেলা কমিটি, জাতীয় শ্রমিক ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী, বিপ্লবী যুবমৈত্রী, নারী মুক্তি পরিষদ, বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীরা সমাধিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।
এ উপলক্ষে তিন দিনব্যাপী অমল সেন স্মরণ মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। অমল সেন স্মৃতিরক্ষা কমিটি এই মেলা এবং আলোচনা সভার আয়োজন করেছে। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চিত্রাংকন প্রতিযোগিতা শুরু হয়। বিকালে বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের সরলা সিংহ মঞ্চে আলোচনা হয়।
প্রথম দিন আলোচনার বিষয় ‘বৈষম্য সমতার সমাজ’, দ্বিতীয় দিন শুক্রবার আলোচনার বিষয় ‘তেভাগা আন্দোলন ও বর্তমান প্রেক্ষিত’ এবং শেষ দিন শনিবার আলোচনার বিষয় ‘মুক্তিযুদ্ধে বামপন্থিদের ভূমিকা’। আলোচনা অনুষ্ঠান শেষে তিন দিন সন্ধ্যায় আবৃত্তি ও গণসংগীত পরিবেশিত হবে।