সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি ককটেল ও অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছেন বাগেরহাটের মোংলা কোস্ট গার্ড। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করা হয়।
তারা হলেন- মাসুম বিল্লাহ (৪৫) ও শফিউল্লাহ খাঁ (৩০)। তাদের বাড়ি সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামে।
কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা সদরদফতর) মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মুনতাসির ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে কয়রা কোস্ট গার্ড ও পুলিশ সাতক্ষীরার শ্যামনগর থানার গাগরামারি এলাকায় যৌথ অভিযান চালায়। ওই সময় অভিযানকারীরা ঘটনাস্থল থেকে দুটি অবৈধ দেশীয় একনলা পাইপ গান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করেন।
তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জব্দ করা অস্ত্র-গোলাবারুদসহ আটক সন্ত্রাসীদের সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।