জেলার একমাত্র নারী চেয়ারম্যান হিসাবে মনোনয়ন বহাল রাখার দাবি রুমু’র

ইউপি নির্বাচন-২০১৬জেলার একমাত্র নারী চেয়ারম্যান হিসাবে মনোনয়ন অক্ষুণ্ন রাখতে সংবাদ সম্মেলন করেছেন মাগুরার শ্রীপুরের কাদিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভিন সুলতানা রুমু। শনিবার মাগুরা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।  
সংবাদ সম্মেলনে পারভিন সুলতানা রুমু জানান, পাঁচ বছর আগে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে তিনি আওয়ামী লীগ সমর্থিত জেলার একমাত্র নারী প্রার্থী হিসেবে কাদিরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচনে তিনি ব্যাপক জনসমর্থন পেয়েছিলেন। পরবর্তীতে পাঁচ বছরে এলাকার যোগাযোগ, বিশুদ্ধ পানি, নারী উন্নয়নসহ ব্যাপক কাজ করেন। তার কাজের স্বীকৃতি স্বরূপ তিনি জাতীয় পর্যায়ে স্বর্ণ পদক পান। তার স্বামী আশরাফ উদ্দিন প্রায় ২০ বছর ওই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলেন। তিনি তার আদর্শের আলোকেই আজীবন মানুষের সেবায় নিয়োজিত থাকতে চান।
রুমু বলেন, সম্প্রতি শুনেছি আমাকে বাদ দিয়ে এখানে অন্য একজনকে মনোনয়ন দেওয়া হচ্ছে। এই খবরে তিনি মনোনয়ন বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন।

একমাত্র নারী প্রার্থী হিসেবে হলেও তাকে মনোনয়ন দেওয়ার জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার কাছে তিনি আবেদন জানান।

/বিটি/টিএন/