অপারেশন ডেভিল হান্টে খুলনা মহানগরীতে কাউন্সিলরসহ চার জনকে গ্রেফতার করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশ এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) কেএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড সিপিআর) আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গ্রেফতার শাহাদাত হোসেন মিনা মহানগরীর দৌলতপুর পুলিশ ফাড়ি মেইন রোডের ইউসুফ সরদারের ছেলে। তিনি কেসিসির ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি খালিশপুর থানার একটি মামলার আসামি।
তিনি আরও বলেন, গ্রেফতার আরেকজন হলেন পবিত্র রায় (৪৫)। তিনি মহানগরীর হরিণটানা রাজবাধ এলাকার মনোরঞ্জন রায়ের ছেলে। তিনি বটিয়াঘাটা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনুপ গোলদারের একান্ত সহযোগী এবং আওয়ামী রাজনৈতিক দলের সক্রিয় সন্ত্রাসী সমর্থক। তার নামে খালিশপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়। গ্রেফতার জয়ন্ত কুমার দাস (৩৮) বাগেরহাটের ফকিরহাট থানার ভট্টখামারের দেব প্রসাদ দাসের ছেলে। তিনি ফকিরহাট থানার ছাত্রলীগের আহ্বায়ক। তার নামে খুলনা সদর থানায় মামলা রয়েছে। গ্রেফতার ইশারাত হোসেন (৪৫) মহানগরীর লবনচরা মোজাহিদপাড়া রহমাতিয় মসজিদ সড়কের শেখ গোলাম মোস্তফার ছেলে। তিনি ২৮ ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি। তার নামে খুলনা সদর থানায় মামলা রয়েছে।