ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন করার লক্ষে খুলনা বিভাগে ২৩৫০টি ভোটকেন্দ্রে ৩৯,৯৫০ জন আনসার-ভিডিপি সদস্য নিয়োগ করা হয়েছে। ভোট কেন্দ্রে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করতে তাৎক্ষণিকভাবে নিরাপত্তা সংক্রান্ত দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের পরিচালক মোহা. আকবর আলীর নির্দেশনা অনুযায়ী আনসার-ভিডিপিদের প্রত্যেক কেন্দ্রের ২জন (সশস্ত্র) প্লাটুন কমান্ডার ও ২ জন (সশস্ত্র) আনসার (যারা ১০ রাউন্ড করে গুলি বহন করবেন) এবং ১৩ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা (লাঠিসহ) ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেবেন। নির্বাচনি সামগ্রীর নিরাপত্তার দায়িত্ব পালনের সময় অবৈধ অনুপ্রবেশকারীদের কেন্দ্রে প্রবেশে বাধাদান, হুমকি প্রদর্শন করা হলে কর্তৃপক্ষকে অবহিতকরণ, ভোটকেন্দ্রে হামলাকারীদের তাৎক্ষণিক প্রতিহত করবেন এরা।
এছাড়াও ভোটের আগের রাতে নিরাপত্তার সঙ্গে কেন্দ্রে অবস্থান করা, ভোটকেন্দ্রে কেউ অসুস্থ হলে নির্বাচন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী জরুরি চিকিৎসার ব্যবস্থা করা এবং কোনও প্রার্থীর দেওয়া খাদ্যদ্রব্য গ্রহণ না করার ব্যাপারে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিটি ভোটকেন্দ্রে ২০ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৪ দিনের জন্য ১ জন প্লাটুন কমান্ডার (অস্ত্রসহ), ১ জন সহকারী প্লাটুন কমান্ডার (অস্ত্রসহ), ২ জন আনসার (সশস্ত্র) এবং ৭ জন আনসার-ভিডিপি (পুরুষ-লাঠিসহ) ও ৬ জন আনসার-ভিডিপিসহ (মহিলা-লাঠিসহ) ১৭ জন করে আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, খুলনা বিভাগে ১৭৬৮ জন বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার সদস্য মোবাইল টিম/স্ট্রাইকিং ফোর্স হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দায়িত্ব পালন করবেন।
/টিএন/