খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) রাজনীতিকে ঘিরে শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর নৃশংস হামলার প্রতিবাদে খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদী মিছিল করেছেন। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় খুলনা বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বর থেকে এই প্রতিবাদী মিছিল শুরু হয়। মিছিলটি তিনটি হল প্রদক্ষিণ করে ক্যাম্পাসের মূল ফটকে শেষ হয়। এ সময় কুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা মিছিলে ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেবো না’, ‘একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘চব্বিশের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘বায়ান্নর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘কুয়েটে হামলা কেন, প্রশাসন জবাব চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা বলেন, ‘আজকে (মঙ্গলবার) কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের সন্ত্রাসীদের হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের প্রশাসনকে তদন্ত করে দ্রুততম সময়ের মধ্যে এর বিচার নিশ্চিত করতে হবে। আজকে ছাত্রদল যে লিখিত বিবৃতি দিয়েছে তাতে তারা উল্লেখ করছে ছাত্রদলের ওপর হামলা করা হয়েছে। এটা অত্যন্ত হাস্যকর এবং ছাত্রলীগের মতো কার্যকলাপ। আমরা ছাত্রদলের ভাইদের বলতে চাই, আপনারা ছাত্রলীগের পথে হাঁটবেন না।’
তারা আরও বলেন, ‘আমরা ছাত্রলীগকে দেশছাড়া করেছি। আপনারাও যদি তাদের পথে হাঁটেন তাহলে আপনাদেরকেও বিতাড়িত করতে দ্বিধাবোধ করবো না। কুয়েটের শিক্ষার্থীদের ওপর হামলার বিচার না করলে সাধারণ শিক্ষার্থীরা মাঠ ছাড়বে না। ছাত্ররাজনীতির সংস্কার না হলে বিশ্ববিদ্যালয়ে কোনও ছাত্ররাজনীতি চলবে না। অন্যথায় ক্যাম্পাসে এরকমই হামলা, সন্ত্রাসী কার্যক্রম চলতে থাকবে। আমরা ছাত্র ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা যদি জুলাই অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতে চান তাহলে বাংলাদেশের কোনও ক্যাম্পাসে কোনও দল যেন লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতি না করতে পারে।’
উল্লেখ্য, গতকাল ১৮ ফেব্রুয়ারি দুপুরে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েটে) ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়।