কোস্টগার্ডের অভিযানে বাগেরহাটের মোংলায় বাণিজ্যিক জাহাজে চুরির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও মাদকসহ সুমন বাহিনীর পাঁচ চোরকে গ্রেফতার করা হয়েছে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (২১ মার্চ) রাতে এ তথ্য জানান।
আটকরা হলেন- বাগেরহাট জেলার মোংলা থানার বাসিন্দা জনি (১৯), আলিরাজ (২৫), স্বপন মুন্সী (৪০), খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা আজিম (২৬) ও মেজবাহ (১৯)।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোয়েন্দা সূত্রে জানা গেছে, সুমন বাহিনীর একটি দল শুক্রবার বাণিজ্যিক জাহাজে চুরির উদ্দেশে মোংলা থেকে হাড়বারিয়ার দিকে যাচ্ছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকাল ৪টায় কোস্টগার্ড পশ্চিম জোনের একটি চৌকস দল মোংলার ভদ্রা ফরেস্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে একটি সন্দেহজনক নৌকায় তল্লাশি চালিয়ে ৯ পিস ইয়াবা, আনুমানিক ২৫ গ্রাম গাঁজা, ১২টি দেশীয় অস্ত্রসহ কুখ্যাত সুমন বাহিনীর ৫ জনকে আটক করা হয়।
জানা গেছে, আটকদের বিরুদ্ধে পূর্বে মোংলা ও কয়রা থানায় একাধিক চুরি, মাদক ও মারামারির মামলা রয়েছে এবং তারা উক্ত মামলাসমূহের এজহারভুক্ত পলাতক আসামি। জব্দ করা আলামাতসহ তাদের আইনি ব্যবস্থা গ্রহণের নিমিত্তে মোংলা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্টগার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।