দেড় কোটি টাকার অবৈধ সম্পদের মালিকানা

খুলনায় এসআই এর বিরুদ্ধে দুদকের মামলা

অবৈধ দেড় কোটি টাকার সম্পদের মালিকানার কারণে খুলনায় পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। খুলনা মহানগরীর সদর থানার এসআই মো. আলী আকবর শেখের বিরুদ্ধে এই মামলা করা হয়।

বুধবার দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহাতাব উদ্দিন এই মামলাটি দায়ের করেন।

মামলার আসামি এসআই আলী আকবর যশোর কোতোয়ালী থানায় কর্মরত হলেও তার সম্পদ খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়ায়।

মামলায় উল্লেখ করা হয়েছে, ঘুষ গ্রহণ ও ব্যাপক চাঁদাবাজি সংক্রান্ত অভিযোগ পাওয়ার পর দুদক থেকে ২০১১ সালের ২১ সেপ্টেম্বর আলী আকবরের কাছে সম্পদের বিবরণী চাওয়া হয়। ২০১১ সালের ২৬ সেপ্টেম্বর তিনি দুদকে সম্পদ বিবরণী জমা দেন।

তবে দুদক থেকে দাখিলকৃত সম্পদ যাচাইকালে ১ কোটি ৮৭ লাখ ৩৪ হাজার ৮৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া যায়। এসময় আলী আকবর ২০ লাখ টাকার সম্পদ গোপন করে এবং ১ কোটি ৩৫ লাখ ৯৭ হাজার ২৫১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে দখলে রাখেন। যা ২০০৪ সালের দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মাহাতাব উদ্দিন বলেন, আলী আকবরের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাকে গ্রেফতারের উদ্যোগ নেওয়া হবে। তার দুর্নীতির বিষয়ে আরও তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেবে দুদক।

আলী আকবর ১৯৯৬ সালের ৯ অক্টোবর পুলিশ কনস্টেবল পদে যোগদান করেন। এরপর তিনি এএসআই হিসেবে মহানগরীর দৌলতপুর থানায় কর্মরত ছিলেন।

/এনএস/টিএন/