সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ইউপি চেয়ারম্যান কারাগারে

যশোর সদর উপজেলার হৈবতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আবু সিদ্দিককে আটকাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম।

পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন বুধবার (২৮ মে) রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবু সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগ, তিনি অনলাইনে পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার বক্তব্য শুনে দেশবিরোধী কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছেন। তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারকে উৎখাতের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসানোর ষড়যন্ত্রে সক্রিয়ভাবে ভূমিকা পালন করছেন।

এ কারণে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষা ও ক্ষতিকর কার্যকলাপ হতে পরিত্রাণ পাওয়ার জন্য আবু সিদ্দিককে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ৫৪ ধারায় আটক করা হয় বলে পুলিশ পরিদর্শক রোকসানা খাতুন জানান।

তিনি বলেন, ‘আবু সিদ্দিককে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ৩(২) ধারা মোতাবেক ডিটেনশনের (আটকাদেশের) জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করা হয়। তা মঞ্জুর হওয়ায় তাকে ডিটেনশনে কারাগারে পাঠানো হয়েছে।’

জানতে চাইলে রাতে জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন।