সুন্দরবনে আগুন

আগুনপূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের নাংলী এলাকায় আগুন লেগেছে। রবিবার সন্ধ্যায় এ আগুনের সূত্রপাত হয়। তবে বন কর্মকর্তারা বলছেন, সোমবার সকালের দিকে আগুন প্রায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা গাজী মতিয়ার রহমান সোমবার সকাল ১০টায় জানান, ধানসাগর ও নাংলী এলাকার মাঝামাঝি স্থানে আগুন লাগে। রাতেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনাস্থলে এখনও বন বিভাগ ও ফায়ার সার্ভিসের কর্মীরা সতর্ক অবস্থায় রয়েছেন।
তিনি আরও জানান, সুন্দরবনের যে স্থানে আগুন লেগেছে সেখানে কোনও মূল্যবান গাছ নেই।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা স্বপন কুমার ভক্ত জানান, সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। কিছু কিছু জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে কাজ করে যাচ্ছেন।
/বিটি/এজে/