খুলনা-৩ আসনে ৩ জনের মনোনয়নপত্র বাতিল

যাচাই বাছাই শেষে বুধবার (৩১ ডিসেম্বর) খুলনা-৩ আসনের তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ আসনে জমা হয়েছিল ১২টি মনোনয়নপত্র। এখন বৈধ মনোনয়নপত্র হলো ৯টি।

খুলনা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও খুলনা-৩ আসনের রিটার্নিং অফিসার ফয়সল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মনোনয়নপত্র বাতিল হওয়া তিন জনই স্বতন্ত্র প্রার্থী।

তারা হলেন- আব্দুর রউফ মোল্লা, আবুল হাসনাত সিদ্দিক ও এস এম আরিফুর রহমান মিঠু। তিন জনেরই এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক নাই। আর এস এম আরিফুর রহমান মিঠু ঋণ খেলাপি। এ তিন জনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর খুলনা-৩ আসনে এখন বৈধ প্রার্থী হিসেবে থাকছেন- বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জামায়াতের মহানগর আমির অধ্যাপক মাহফুজুর রহমান, ইসলামী আন্দোলনের আবদুল আউয়াল, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের শেখ আরমান হোসেন, জাতীয় পার্টির আব্দুল্লাহ আল মামুন, খেলাফত মজলিসের এফ এম হারুন অর রশীদ, গনতান্ত্রিক যুক্ত ফ্রন্টে প্রার্থী বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) জনার্দন দত্ত, স্বতন্ত্র মুরাদ খান লিটন ও মঈন মোহাম্মদ মায়াজ।