খুলনায় অস্ত্র-গুলিসহ ২ সন্ত্রাসী গ্রেফতার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ এ খুলনার বাগমারায় যৌথ অভিযানে বিদেশি অস্ত্র, তাজা গোলা ও মাদকসহ দুই কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড।

আটকরা হলেন- খুলনার বাগমার গ্রামের সাইদ শেখের ছেলে শাকিল আহমেদ (২০) ও গোলাম আলী টুকুর ছেলে এস এম তরিকুল ইসলাম তৌহিদ (২৫)।

সোমবার (১৯ জানুয়ারি) কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১৮ জানুয়ারি) সকাল ৭টায় কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে খুলনার বাগমারার চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত শাকিল আহমেদ ও তরিকুল ইসলাম তৌহিদকে আটক করা হয়।

পরে আটক ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে খুলনার বাগমারার কাঁঠালতলা মোড়, মিস্ত্রিপাড়া এবং টুটপাড়া সংলগ্ন এলাকা হতে একটি বিদেশি রিভলভার, একটি বিদেশি ৭.৬৫ মিমি পিস্তল, ৭ রাউন্ড তাজা গোলা ও একটি ম্যাগাজিনসহ ৩৫০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

জব্দ করা অস্ত্র, গোলাবারুদ ও মাদকদ্রব্যসহ আটক করা ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন জাতীয় ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্টগার্ড অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত রাখবে।