সাতক্ষীরার পাটকেলঘাটায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১২ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পাটকেলঘাটা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।
যোগদানকারীরা হলেন, বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ ও আহত সেলের (খুলনা বিভাগ) সমন্বয়কারী রাকিবুল ইসলাম, বৈষম্যবিরোধী আন্দোলনের পাটকেলঘাটা থানার আহ্বায়ক রুবেল হোসেন বাবু, যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান, সদস্য সচিব ইকবাল হাসান, যুগ্ম সদস্য সচিব আবু রায়হান, সাংগঠনিক সম্পাদক রুবায়েত ইসলাম রাতুল, সদস্য সৌরভ ভট্টাচার্য, আজিম খাঁ, তামিম ইকবাল, আবু সাঈদ, সুমন হোসেন, খাদিজা খাতুন।
অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও তালা কলারোয়ার ধানের শীষের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদেরকে স্বাগত জানান।
অনুষ্ঠানে পাটকেলঘাটা থানা ছাত্রদলের আহ্বায়ক রিজভী আহমেদ যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করে নেন এবং তাদের দলের কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
যোগদানকারী সদস্যরা জানান, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তারা বিএনপিতে যোগ দিয়েছেন।
এ সময় বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ বলেন, তরুণদের অংশগ্রহণ দলকে আরও শক্তিশালী করবে এবং ভবিষ্যতে সাংগঠনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে।