১৫ হাজার টাকার চুক্তিতে দুই রিভলভার, ৩ পিস্তল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন সুমী

খুলনার জিরো পয়েন্টে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৯৬ রাউন্ড গুলিসহ আটক করা হয়েছে সুরাইয়া পারভীন সুমী (৩৮) নামে এক নারীকে। তিনি সাতক্ষীরা সদরের বাটকেখালীর বাসিন্দা।

তিনি ছিলেন এ অস্ত্র ও গুলির বহনকারী। ১৫ হাজার টাকা চুক্তিতে তিনি এ অস্ত্র ও গুলি ইমাদ পরিবহন যোগে ঢাকায় নিয়ে যাচ্ছিলেন। কিন্তু খুলনায় আটক হন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপপরিচালক এস কে ইফতেখার মোহাম্মদ উমায়ের এ তথ্য জানান।

তিনি বলেন, অস্ত্র সাতক্ষীরা থেকে খুলনায় প্রবেশের তথ্যের ভিত্তিতে শনিবার (৭ মার্চ) জিরো পয়েন্ট এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান অব্যাহত রাখে খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ও খুলনা মহানগর পুলিশ। সকাল ৯টা ৫ মিনিটের সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস চেকপোস্টের কাছে পৌঁছে। এ সময় বাসটির গতিরোধ করে তল্লাশি করা হয়। বাসটিতে থাকা যাত্রী সুরাইয়ার কাছ থেকে অবৈধ দুটি রিভলভার, তিনটি পিস্তল, চারটি ম্যাগজিন ও ৯৬ রাউন্ড গুলি উদ্ধার ও জব্দ করা হয়। যা তিনটি বিশেষ প্যাকেটে ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, খুলনার উপপরিদর্শক শফিউর রহমান বাদী হয়ে এ ঘটনায় লবণচোরা থানায় মামলা করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খুলনা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক আহসানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যে বসে নেই এই অভিযানই তা প্রমাণ করে। খুলনায় প্রায় প্রতিদিনই খুনসহ অপরাধমূলক ঘটনা ঘটছে। এমন পরিস্থিতিতে এ অস্ত্র ও গুলি উদ্ধার জনমনে স্বস্তি দেবে।