সাতক্ষীরা সদরে পেট্রল পাম্পে তেল না পেয়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকজন মোটরসাইকেল চালক ও স্থানীয় লোকজন।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের লস্কর পেট্রল পাম্পের সামনের সড়কে এ ঘটনা ঘটে। এতে সাতক্ষীরার প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লস্কর পেট্রল পাম্পে তেল থাকা সত্ত্বেও সাধারণ গ্রাহকদের দেওয়া হচ্ছে না এমন অভিযোগে মোটরসাইকেল চালক ও স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা পাম্পের সামনের সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং বাঁশ দিয়ে অবরোধ সৃষ্টি করেন। চালকদের দাবি, পাম্প মালিকরা সিন্ডিকেট করে সাধারণ মানুষকে বঞ্চিত করে খোলা বাজারে চড়া দামে তেল বিক্রি করছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর আগে গতকাল রাতে কপোতাক্ষ ফিলিং স্টেশনের সামনে একই অভিযোগে সড়ক অবরোধ করা হয়েছিল। দফায় দফায় এ অবরোধের ফলে সাধারণ যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।
বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উত্তেজিত একদল মোটরসাইকেল চালক তেল না পেয়ে পাম্পের সামনের সড়কে অগ্নিসংযোগ করে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। মোটরসাইকেল চালক ও স্থানীয় লোকজনকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাকি হয়।’