মোংলায় যমুনা পেট্রোলিয়ামে ১২ হাজার লিটার জ্বালানি তেলের অবৈধ মজুত

বাগেরহাটের মোংলায় যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ‘মোংলা অয়েল ইনস্টলেশনে’ অভিযান চালিয়েছে বাগেরহাট জেলা প্রশাসন, কোস্টগার্ড, নৌবাহিনী, এনএসআই ও পুলিশের যৌথবাহিনী। অভিযানকারীরা শনিবার (২৮ মার্চ) রাতে সেখানে অভিযান চালিয়ে অবৈধ ডিজেল মজুতের সন্ধান পান। এ বিষয়ে পরবর্তী সব ব্যবস্থা নেবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা (ঢাকা) লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার মধ্যরাত ১টার দিকে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ, এনএসআই ও বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের সমন্বয়ে মোংলা অয়েল ইনস্টলেশন এলাকায় অবস্থিত যমুনা পেট্রোলিয়াম লিমিটেডে যৌথ অভিযান চালানো হয়। এ সময় অভিযানকারীরা এ প্রতিষ্ঠানের তিনটি তেলের ট্যাংকে সংরক্ষিত জ্বালানি তেলের পরিমাণ সরেজমিনে পরিমাপ এবং সংশ্লিষ্ট কাগজপত্র যাচাই-বাছাই করেন। এতে অবৈধভাবে মজুত করা ১২ হাজার ৬১৩ লিটার অতিরিক্ত জ্বালানি তেল পাওয়া যায়। এর মূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার ৮৫০ টাকা।

অবৈধভাবে মজুত করা তেলের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক অনুপ দাসের তত্ত্বাবধানে প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, দেশের অভ্যন্তরীণ বাজারকে স্থিতিশীল রাখার লক্ষ্যে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।

এ বিষয়ে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) অনুপ দাস বলেন, এ ঘটনায় আমরা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বরাবর একটি প্রতিবেদন দিয়েছি। বিপিসি কর্তৃপক্ষই এ বিষয়ে পরবর্তী সব ব্যবস্থা গ্রহণ করবেন।