ঝিনাইদহের কালীগঞ্জে তেল কম দেওয়ার অভিযোগে আয়েশা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
জানা গেছে, এক ভোক্তার অভিযোগের ভিত্তিতে পাম্পে নিযুক্ত ট্যাগ অফিসার (পাট উন্নয়ন কর্মকর্তা) ফারুক হোসেন বিষয়টি তদন্ত করেন।
তিনি পরীক্ষা করে দেখেন, এক হাজার টাকার পেট্রোল নিলে ভোক্তারা পাচ্ছেন মাত্র ৯০০ টাকার জ্বালানি অর্থাৎ প্রতি লেনদেনে ১০০ টাকার কম দেওয়া হচ্ছিল।
এদিকে, ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী আয়েশা ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
স্থানীয়রা এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, নিয়মিত তদারকি থাকলে ভোক্তা প্রতারণা অনেকাংশে কমে আসবে।