খুলনার কয়রায় আকস্মিক ঝড়ে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ উপেন মৃধা (৫০) ও মুকেন্দ মন্ডল (৪২) নামে দুই জেলের লাশ দুই দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ ও স্থানীয়রা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুরে আড় পাঙ্গাসিয়া নদীতে উপেন মৃধা ও বিকালে মুকেন্দ মন্ডলের লাশ নদীর তীরে ভেসে ওঠে। খবর পেয়ে নৌ পুলিশ এ লাশ উদ্ধার করে।
নিহত দুই জেলে উপজেলার দক্ষিণ বেদকাশি ইউনিয়নের জোড়শিং গ্রামের বাসিন্দা। তারা শাকবাড়িয়া নদী ও সুন্দরবনে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছিলেন।
আংটিয়ারা নৌপুলিশের ওসি ফারুক হোসেন বলেন, টানা দুই দিন স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নৌপুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ডুবুরি দল নিয়ে উদ্ধার অভিযান পরিচালনা করার পর ভাসমান অবস্থায় আড় পাঙ্গাসিয়া নদীতে তাদের লাশ উদ্ধার হয়। আইনি প্রক্রিয়া শেষে লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য গত মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে কয়রার শাকবাড়িয়া নদীতে মাছ ধরার সময় হঠাৎ ঝড়ের কবলে পড়ে একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় থাকা জেলেদের মধ্যে একজন সাঁতরে তীরে উঠতে পারলেও উপেন মৃধা ও মুকেন্দ মন্ডল নিখোঁজ হন।