চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল উদ্ধার

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফেরদৌস মোড়লের বাড়ি থেকে ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। পরে তাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

​রবিবার (১২ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপুর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। পরে চেয়ারম্যানের বাড়ির গোডাউন থেকে ছয় ব্যারেল ডিজেল জব্দ এবং ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসতিয়াক আহমেদ অপু বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের তথ্য পেয়ে অভিযান চালানো হয়। আইন অনুযায়ী অবৈধভাবে তেল মজুত রাখায় জরিমানা করা হয়েছে। জব্দকৃত ডিজেল কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) জিম্মায় রাখা হয়েছে।’

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দকৃত এই ডিজেল ন্যায্যমূল্যে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

​তবে এ জরিমানার বিষয়ে ভিন্ন যুক্তি দিয়েছেন ইউপি চেয়ারম্যান ফেরদৌস মোড়ল। তার দাবি, প্রায় এক হাজার বিঘা মৎস্য ঘের রয়েছে তার। যেখানে সেচ কাজের জন্য প্রতিদিন বিপুল পরিমাণ ডিজেল প্রয়োজন হয়। এ ছাড়া দুটি ডেকু মেশিন সচল রাখতে প্রতিদিন তার গড়ে প্রায় ৭০০ লিটার পর্যন্ত জ্বালানির চাহিদা থাকে। সেই হিসাবে জব্দকৃত ১ হাজার ২০০ লিটার তেল মাত্র দুই দিনেরও কম সময়ের চাহিদার সমান।