ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে উপজেলার পৌর খালধারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই গ্রামের রিপন হোসেন সকালে গ্রামের শাহজাহানের দোকানে চা পান করতে যান। পূর্বের বাকি থাকা টাকা না দেওয়ায় নতুন করে বাকিতে চা দিতে অস্বীকার করে দোকানি শাহজাহান। এ নিয়ে রিপন ও শাহজাহানের মধ্যে বাগবিতণ্ডা ও হাতাহাতি হয়। এরই জেরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে আহত হন কমপক্ষে ১০ জন। সেখান থেকে তাদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুব আলম পারভেজ বলেন, সংঘর্ষের ঘটনায় আহত রোগীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, বাকিতে চা বিক্রি না করা নিয়ে একটি সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।