অটোরিকশা চালকদের কাছে চাঁদা চাওয়ায় সড়ক অবরোধ

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চালকদের কাছ থেকে চাঁদা দাবির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চালকরা। এ সময় আনসার রোড-বহেরারচালা সড়কের দেড় কিলোমিটার অংশে যানজট লেগে যায়। বৃহস্পতিবার (২১ মে) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শ্রীপুর পৌরসভার আনসার রোড মোড় অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

চালকরা বলেন, আমরা এই সড়কে দীর্ঘদিন ধরে অটোরিকশা চালাচ্ছি। রবিবার বিকালে হঠাৎ স্থানীয় বাসিন্দা উদয় সরকার কয়েকটি অটোরিকশার চাবি রেখে দেন। মাসে ছোট অটোরিকশায় দুই হাজার এবং বড় অটোরিকশায় চার হাজার টাকা করে চাঁদা দাবি করেন উদয়। এভাবে অনেক চালকদের কাছে চাঁদা চান।

একাধিক চালক জানিয়েছেন, শহরের এই সড়কে সারাদিন অটো চালিয়ে ৪০০-৬০০ টাকা উপার্জন হয়। সেই টাকা থেকে ঘর ভাড়া, দোকানের বাকি, সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে হয়। এই অল্প উপার্জন থেকে যদি দুই-চার হাজার টাকা চাঁদা দিতে হয়, তাহলে স্ত্রী-সন্তান নিয়ে কীভাবে সংসার চালাবেন।

সড়ক অবরোধের খবর পেয়ে শ্রীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি রিফাত ব্যাপারী ঘটনাস্থলে উপস্থিত হয়ে চালকদের সঙ্গে কথা বলেন। পরে ওই ব্যক্তির সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের আশ্বাস দিলে সন্ধ্যা সোয়া ৬টার দিকে চালকরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, ‌‘স্থানীয় এক ছাত্রদল নেতা অটোচালকদের মানুষের দুর্ভোগের কথা বুঝিয়ে বললে সড়ক থেকে সরে যান তারা। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।’