চলমান তীব্র লোডশেডিংয়ে ক্ষুব্ধ হয়ে খুলনার কয়রায় পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসে ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করে পুলিশে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে এ ঘটনা ঘটে। এর আগে যুবককে ধরে খুঁটির সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা উপজেলায় চলমান তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। এরপর ঘন্টায় ঘন্টায় আসা যাওয়া করে। গত তিন দিন ধরে এমন পরিস্থিতি বিরাজ করছে। এতে ক্ষুব্ধ হয়ে আজ সকালে রবিউল খুলনা পল্লী বিদ্যুৎ সমিতির কয়রা জোনাল অফিসে ভাঙচুর চালিয়েছেন। ভাঙচুরের ঘটনায় অফিসের জানালার গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর পরই অফিসের কর্মীরা যুবককে ধরে খুঁটির সাথে দড়ি দিয়ে বেঁধে রাখেন। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ওই যুবককে আটক করে পুলিশ হেফাজতে নেয়।
কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম বাংলা ট্রিবিউনকে বলেন, বিদ্যুৎ অফিসে হামলার ঘটনায় থানায় আটক যুবকের মানসিক সমস্যা রয়েছে। পরিবার প্রধানকে ডেকে মুচলেকা নিয়ে যুবককে ছেড়ে দেওয়া হবে।
কয়রা বিদ্যুৎ অফিসের তথ্যমতে, কয়রায় চাহিদা ১০ মেগাওয়াট। সাতক্ষীরা গ্রিড থেকে ৬ মেগাওয়াট বরাদ্দ হয় ১৮ জুন। এ অবস্থায় লোডশেডিং দিতে হচ্ছে। বর্তমানে ৬নং ফিডার এর মহেশ্বরীপুর, দক্ষিণ বেদকাশি, মহারাজপুর এর আংশিক ইউনিয়ন এলাকায় লোডশেডিং চলছে। ঘাটতে কাটলে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল হবে।