সুন্দরবন থেকে লোকালয়ে চলে এলো ৯ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ। পরে এটি উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলার কেসি চালিতাবুনিয়া গ্রামে মাছ ধরার বুছনা জালে আটকা পড়া অবস্থা থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন সাপটিকে পিটিয়ে মেরে ফেলার চেষ্টা করে। এ সময় রাসেল কবিরাজ নামের এক বন্যপ্রাণীপ্রেমী ঘটনাস্থলে পৌঁছে সেটিকে মৃত্যু থেকে বাঁচান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে কেসি চালিতাবুনিয়া গ্রামের বাসিন্দা মজিবর রহমান হাওলাদার খালে পেতে রাখা তার বুছনা জাল তুলতে যান। এ সময় জালের ভেতর বিশাল অজগরটি পেঁচিয়ে থাকতে দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। লোকালয়ে সাপ আসার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত লোকজন পিটিয়ে মারার উদ্যোগ নেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় বন্যপ্রাণীপ্রেমী রাসেল কবিরাজ। তিনি স্থানীয়দের বুঝিয়ে শান্ত করেন এবং নিজের জীবনের ঝুঁকি নিয়ে অজগরটি অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন।
রাসেল কবিরাজ বলেন, ‘অজগরটির দৈর্ঘ্য প্রায় ৯ ফুট এবং ওজন আনুমানিক ২০ কেজি। খাবারের সন্ধানে সুন্দরবন থেকে নদী পার হয়ে সাপটি লোকালয়ে চলে এসেছিল। জালের ভেতর এটিকে আটকে থাকতে দেখে স্থানীয় লোকজন মেরে ফেলতে চাচ্ছিলেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের সচেতন করি এবং সাপটি উদ্ধার করি। বন্যপ্রাণী আমাদের জাতীয় সম্পদ, এদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব।’
এদিকে উদ্ধারের পর অজগরটি মোরেলগঞ্জ উপজেলা সদরে নিয়ে আসা হলে তা দেখতে উৎসুক জনতার ভিড় বাড়ে। রাসেল কবিরাজ সাপটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করার জন্য মোরেলগঞ্জ মডেল মসজিদের সামনে অপেক্ষা করেন।
সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের গুলিশাখালী টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে অজগরটি হেফাজতে নিয়েছে। সাপটি সম্পূর্ণ সুস্থ আছে। বিকালে অজগরটিকে সুন্দরবনের গহীন অরণ্যে অবমুক্ত করা হবে।’