গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতের জেলা সেক্রেটারিকে অব্যাহতি

গার্লস কলেজে শিক্ষকতা করায় জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি পদ থেকে সুজাউদ্দিন জোয়ার্দার‌কে অব্যাহতি দেওয়া হয়েছে। দ‌লের নতুন সে‌ক্রেটা‌রি হ‌য়ে‌ছেন কুষ্টিয়া শহর শাখার আমির এনামুল হক‌।

সোমবার (১৩ জুলাই) রাতে কুষ্টিয়া জেলা জামায়াতের ফেসবুক পেজ থেকে প্রকাশিত বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা জামায়া‌তের আমির খন্দকার এ কে এম আলী মহসিন এ তথ‌্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক নারী শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত কোনও পুরুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য পদে (রুকন) দায়িত্ব পালন করতে পারবেন না। এ কারণে কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি হিসেবে মো. এনামুল হককে মনোনীত করা হয়েছে।

সোমবার জেলা কর্মপরিষদ বৈঠকে সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

জেলা জামায়া‌তের আমির এ কে এম আলী মহসিন ব‌লেন, ‘কেন্দ্রীয় ক‌মি‌টির সিদ্ধান্ত হি‌সে‌বে নারী শিক্ষাপ্রতিষ্ঠা‌নে কর্মরত সারা দে‌শে এমন সাত জ‌ন‌কে অব‌্যাহ‌তি দেওয়া হ‌য়ে‌ছে। ‌তাৎক্ষ‌ণিক সর্বসম্ম‌তিক্রমে জেলার নতুন দা‌য়িত্ব দেওয়া হ‌য়ে‌ছে শহর জামায়া‌তের আমির এনামুল হক‌কে।’

দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া সুজাউদ্দিন জোয়ার্দার জেলার দৌলতপুর উপজেলায় অবস্থিত বাগোয়ান ডক্টর ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক।

দলীয় পদ হারানোর বিষয়ে তিনি জানান, জেলা জামায়াতের সেক্রেটারি পদ পাওয়ার আগেই তিনি ফজলুল হক গার্লস কলেজের শিক্ষক হিসেবে যোগ দেন। তবে গঠনতন্ত্রের এই ধারা তখন শিথিল ছিল। ফলে সে সময় সেক্রেটারি পদ পেতে বাধা হয়নি। চাক‌রি ছাড়‌লে আবার স্বপ‌দে বহাল রাখা হ‌বে। কেন্দ্রীয় ক‌মি‌টি সারা দে‌শের রুকন‌দের জন‌্য এই সিদ্ধান্ত নি‌য়ে‌ছে। এ কারণে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।