প্রতিবন্ধী দম্পতির শিশু সন্তানকে ধর্ষণের চেষ্টা

যশোরের শার্শা উপজেলায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী এক মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক নুরুল হক নুরু (৪০) উপজেলার ডিহি ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের দক্ষিণপাড়ার মৃত শামসুল হকের ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ভুক্তভোগী শিশুটির বাবা ও মা উভয়ই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় অভিযুক্ত নুরুল হক নুরু শিশুটিকে নিজের ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে বিষয়টি স্বজনরা জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে। 

এ বিষয়ে শিশুটির চাচি বাদী হয়ে শুক্রবার (১৭ জুলাই) দুপুরে শার্শা থানায় একটি মামলা করেন। মামলার দুই ঘণ্টার মধ্যে আসামিকে আটক করা হয়। 

শার্শা থানার পরিদর্শক (তদন্ত) খোন্দকার শাহ্ আলম বলেন, অভিযোগের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করি। তথ্যপ্রযুক্তির সহায়তায় শার্শা ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজার থেকে মামলার আসামি নুরুল হক নুরুকে গ্রেফতার করি।