স্ত্রী বললেন ‘এখন বাড়ি আসার সময় হ‌লো’, এরপর আর্জেন্টিনা সমর্থকের গলায় ফাঁস

কুষ্টিয়ার ভেড়ামারায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দে‌খে রা‌তে দে‌রি‌ করে বা‌ড়ি ফিরে স্ত্রী‌র স‌ঙ্গে মনোমা‌লিন্যে জড়ান সুমন হোসেন নামের এক যুবক। সোমবার (২০ জুলাই) সকালে নিজ ঘর থে‌কে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। উপজেলার বা‌হিরচর ইউনিয়‌নের ১৬ দাগ দ‌ক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুমন হোসেন একই এলাকার আফজাল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। তার পাঁচ বছর ও দেড় বছর বয়সী দুটি সন্তান রয়েছে। এ ছাড়া সুমন আর্জেন্টিনা ফুটবল দ‌লের সমর্থক ছিলেন।

পু‌লিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা ও স্পে‌নের ম‌ধ্যকার ফাইনাল খেলা দেখে বাড়ি ফেরেন সুমন। এ সময় পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তার কথা কাটাকাটি ও মনোমালিন্য হয়। সকালে প‌রিবা‌রের সদস্যরা ঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান।

নিহ‌তের স্ত্রী জেনি খাতুন বলেন, ‘রাত ৪টার দি‌কে ফুটবল খেলা দে‌খে বা‌ড়ি‌তে ফে‌রে সুমন। তাকে শুধু ব‌লে‌ছিলাম, এখন তোমার আসার সময় হ‌লো? তখ‌নই আবার বা‌ড়ি থে‌কে মা‌ঠের দি‌কে বের হ‌য়ে যায়। এরপর আমি মোবাইল দেখ‌তে দেখ‌তে ঘুমি‌য়ে প‌ড়ি। ভোরে হঠাৎ ঘুম ভে‌ঙে দেখ‌তে পাই ঘ‌রের আড়ার সঙ্গে সুম‌নের লাশ ঝুলছে।’

স্থানীয় প্রতিবেশী আবদুল জ‌লিল ব‌লেন, ‘তখন আনুমা‌নিক ভোর সা‌ড়ে ৫টা হ‌বে। আমি ফজ‌রের নামাজ শেষ ক‌রে বা‌ড়ি‌তে ফির‌ছিলাম। এ সময় হঠাৎ সুম‌নের বা‌ড়ি‌ থে‌কে চিৎকারের শব্দ শু‌নে ভেত‌রে যাই। গি‌য়ে দে‌খি ঘ‌রের আড়ার স‌ঙ্গে গলায় ফাঁস দিয়ে সুম‌ন ঝুল‌ছে। তাৎক্ষ‌ণিক আমি ও আরেকজন মি‌লে সুমন‌কে নামাই। এরপর স্থানীয় চি‌কিৎসক এসে মৃত ঘোষণা ক‌রেন।’

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘প্রাথমিক তদন্তে জানা গেছে সুমন আত্মহত্যা ক‌রে‌ছেন। জান‌তে পে‌রে‌ছি, খেলা দে‌খে আসার পর স্ত্রীর স‌ঙ্গে সুমনের মনোমা‌লিন্য হ‌য়ে‌ছিল। আবার ওই যুবক আর্জেন্টিনার সমর্থক ছি‌লেন। এসব কারণে আত্মহত্যা করেছেন।’